নাটোরের লালপুরে পঞ্চগড়গামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই দুর্ঘটনায় বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন ডহরশলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ‘একতা এক্সপ্রেস’ (৭০৫ আপ) ট্রেনটি ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ঘটনার পরপরই আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক আন্তঃনগর ও মেইল ট্রেনের সময়সূচি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে।
ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, খবর পাওয়ার পরপরই পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশলী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট উদ্ধারকর্মীরা দ্রুত লাইন ক্লিয়ার করে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেছেন। তবে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে রেল ট্র্যাক পুনরায় চলাচলের উপযোগী করতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।