এটিএম বুথে লোডকারীরাই অভিনব কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। র্যাবের হাতে একটি চক্রের ৮ সদস্য গ্রেপ্তার হওয়ার পর এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। এই চক্র প্রায় তিন বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
শনিবার (৫ মার্চ) র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব- ৪ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- আব্দুর রহমান বিশ্বাস (৩২), তারেক আজিজ (২৫), তাহমিদ উদ্দিন পাঠান ওরফে সোহান (২৮), রবিউল হাসান (২৭), হাবিবুর রহমান ওরফে ইলিয়াস (৩৬), কামরুল হাসান (৪৩), সুজন মিয়া (৩১) ও আব্দুল কাদের (৪৩)।
তাদের কাছ থেকে ২টি চেক বই, ১টি এটিএম কার্ড, ৪টি আইডি কার্ড, একটি স্বর্ণের নেকলেস, এক জোড়া বালা, এক জোড়া কানের দুল, একটি আংটি এবং নগদ ৯ লাখ ৪১ হাজার ৫৫৫ টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।