স্পোর্টস ডেস্ক : জাতীয় দল যেকোনও দলকে হারাতে সক্ষম উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ধারাবাহিক হওয়াটাই মূল চ্যালেঞ্জ।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্সে বিষয়ে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, ‘জেতার পর বেশি খুশি হওয়ার হারে গেলে বেশি কষ্ট পাওয়ার কিছু নেই। হারলে তো কষ্ট লাগবেই। আমরা চাই বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতুক। কিন্তু আমরা এত বেশি বলি, অনেক সময় টিমের উপর প্রভাব পড়ে। আমাদের ওদেরকে সাহস দিতে হবে।’
ক্রিকেট বিশ্বের সব সেরা দলকে হারানোর ক্ষমতা রয়েছে টাইগারদের। তবে নিজেদের সেরা মানতে নারাজ বোর্ড প্রধান।
‘একটা জিনিস নিশ্চিত করে বলি, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা এমন কোনও দল নেই যাদের হারাতে পারি না। তাই বলে আমরা কিন্তু সেরা দল না। কেউ যদি মনে করে আমরা নিজেদের সেরা বলছি, না প্রশ্নই ওঠে না। আমাদের সম্ভাবনা আছে। ধারাবাহিক করাটাই মূল চ্যালেঞ্জ।’
তরুণ খেলোয়াড়দের উপর আস্থা রয়েছে বিসিবি প্রধানের। তার আশা শিগগরিই সেরা পাঁচটি দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ
পাপন বলেন, ‘আমাদের পাইপলাইন ও নতুন যে খেলোয়াড়রা আছে তাদের খেলা দেখে সত্যি আমি অত্যন্ত আশাবাদী। ওই দিন আর বেশি দূরে নয়, আমাদের যে লক্ষ্য, প্রথম পাঁচটা দলে থাকব, ইনশাল্লাহ এটা হয়ে যাবে।’