মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার চুক্তি শুধু বাণিজ্যিক লেনদেন নয়: ফরাসি রাষ্ট্রদূত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তিকে শুধু বাণিজ্যিক লেনদেন হিসেবে দেখছে না ফ্রান্স। ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়ে একটি বার্তা যাবে। এয়ারবাসের সঙ্গে বাংলাদেশের আলোচনা এখনও চলছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এয়ারবাসের সঙ্গে সরকারের আলোচনা ও দরকষাকষি চলমান জানিয়ে ফরাসি রাষ্ট্রদূত বলেন, বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের চুক্তি হওয়ায় ফ্রান্স বা ইউরোপ উদ্বিগ্ন নয়। তবে এয়ারবাসসহ ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য সমান প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে তারা।

তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর আমি জোর দিচ্ছি। এই বার্তাটি বর্তমান সরকারের কাছেও আমরা দিচ্ছি। কারণ আমরা মনে করি, এটি অত্যাবশ্যকীয়। বর্তমান সরকার এবং বিমানের প্রতি আমাদের আস্থা আছে।’

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সম্ভাব্য চুক্তির গুরুত্ব ব্যাখ্যা করে জঁ-মার্ক সেরে-শার্লে বলেন, সংখ্যার বিচারে এটি ইউরোপের জন্য বড় কোনো চুক্তি নয়। তবে এর তাৎপর্য আরও বিস্তৃত। বেসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে ইউরোপের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে বাংলাদেশ কতটা আগ্রহী, এ সিদ্ধান্ত তার একটি ইঙ্গিত দেবে।

তিনি বলেন, শুধু একটি চুক্তি করে সম্পর্ক শেষ করার ধারণায় ইউরোপ বিশ্বাস করে না। তারা দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চায়। বাংলাদেশের সঙ্গে ফরাসি বিভিন্ন কোম্পানির দীর্ঘদিনের সহযোগিতার মতো এয়ারবাসের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চায় ফ্রান্স।

রাষ্ট্রদূত বলেন, ‘এটা এমন নয় যে শুধু এয়ারবাস বিক্রি করলাম, এরপর শেষ। এটি আসলে দীর্ঘমেয়াদি অংশীদারত্বে যুক্ত হওয়া।’

বাংলাদেশের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় ১৭ শতাংশ রপ্তানি হলেও ইউরোপে যায় প্রায় ৪৮ শতাংশ। যুক্তরাজ্যকে অন্তর্ভুক্ত করলে এ অংশ আরও বেশি। ফলে ইউরোপ বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদারদের একটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস ও বোয়িং নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বোয়িংয়ের সঙ্গে চুক্তি হলেও এয়ারবাসের সঙ্গে আলোচনা থামেনি বলে জানান ফরাসি রাষ্ট্রদূত। তাঁর ভাষ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখনও এয়ারবাসের প্রতি আগ্রহী এবং দরকষাকষি ভালোভাবেই চলছে।

তিনি বলেন, ‘দরকষাকষি এখনও ভালোভাবে চলছে এবং ভালো ফলও আসছে।’

এয়ারবাসের সঙ্গে আলোচনার সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস কারিগরি মূল্যায়নের পর এয়ারবাসের প্রতি আগ্রহ দেখিয়েছিল। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ ছিল না। বিশ্বের অনেক বড় বিমান সংস্থার বহরে এয়ারবাস ও বোয়িং দুই ধরনের উড়োজাহাজ রয়েছে।

মিশ্র বহরের সুবিধার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন উড়োজাহাজের সক্ষমতা ও কারিগরি সুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যায়। এয়ারবাসের এমন উড়োজাহাজও রয়েছে, যা ঢাকা থেকে কোনো বিরতি ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যেতে পারে।

এয়ারবাসের সঙ্গে আলোচনায় সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, বড় চুক্তির ক্ষেত্রে সব কারিগরি ও বাণিজ্যিক বিষয় যথাযথভাবে যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। তাঁর মতে, আলোচনা সঠিক পথেই এগোচ্ছে এবং ইতিবাচক ফল পাওয়ার আশা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারত, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও কানাডার এফটিএ রয়েছে। বাংলাদেশও ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করতে চাইলে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের আগ্রহ নিয়ে আলোচনায় যুক্ত হতে পারে।

এফটিএ হলে ইইউর ২৭টি দেশে বাংলাদেশের বাণিজ্যের পরিসর আরও বাড়ার সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

জঁ-মার্ক সেরে-শার্লে বলেন, ফ্রান্স বা ইউরোপ বাংলাদেশকে অন্য কোনো অংশীদারের সঙ্গে সম্পর্ক বেছে নিতে বলছে না। বরং অংশীদারত্বের ক্ষেত্র বাড়াতে চায়। তাঁর ভাষায়, ‘ফ্রান্স এবং ইউরোপ কখনও বলে না আমাদের এবং তাদের মধ্যে একজনকে বেছে নাও। আমরা অংশীদারত্বে বিশ্বাস করি। অংশীদারত্ব মানে বাদ দেওয়া নয়, অন্তর্ভুক্তি।’

এফটিএ নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ও ইউরোপের উভয়েরই বলে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা ইউরোপকে কী বার্তা দিচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ নিয়েও কথা বলেন ফরাসি রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার দিকে ফ্রান্স নজর রাখছে। গণমানুষ ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়েও ফ্রান্স সরকারের কাছে নিজেদের মতামত তুলে ধরে।

ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD