সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এই পর্যায়ে গড়ানোর পেছনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেছে বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। এজন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ওবায়দুল কাদেরের অপসারণ দাবি করেছে দলটি।
শনিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।
এ সময় জাতীয় পার্টির এই অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো- চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, গোলাম সারোয়ার মিলন, সুনীল শুভ রায়, রুস্তম আলী ফরাজী উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান ফিরোজ রশীদ বলেন, ‘শুরুতে একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল। শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করলেই এই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু তা না করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন ‘শক্তি প্রয়োগ করে তাদের দমন করা
হবে। এই সিদ্ধান্ত নিয়ে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ও হেলমেট বাহিনী মাঠে নেমে পড়ে। তার বক্তব্যের জন্যই শান্তিপূর্ণ আন্দোলন ভিন্নদিকে গিয়েছে।’
কাজী ফিরোজ রশীদ বলেন, ‘আজ শত শত জীবনহানি ঘটল। অজস্র মানুষ হাসপাতালে কাতরাচ্ছে। চিকিৎসা করতে গিয়ে কারো পা কেটে ফেলতে হয়েছে, কারো হাত কেটে ফেলতে হয়েছে। এই বিচার কার কাছে দেব? এটা তো এমন হওয়ার কথা ছিল না।’
ওবায়দুল কাদেরের দায়িত্বে থাকার আরও কোনো অধিকার নেই দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘২৪ ঘণ্টার ভেতরে তাকে পদত্যাগ করতে হবে। দলের পদ থেকে, মন্ত্রীর পদ থেকে সব জায়গা থেকে সরিয়ে দিতে হবে। তাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে।’
জাপা নেতা বলেন, ‘শিক্ষার্থীরা যখন রাস্তায় নামে, তখন খালি হাতে ফেরে না। সমস্ত দাবি-দাওয়া পূরণ হওয়ার পর তারা ফেরে। তাই সরকারকে বলেছিলাম গুরুত্ব দিয়ে আলোচনা করে সমাধান করুন। কিন্তু কে শুনে কার কথা?’