মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ওয়াসিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

কেরানীগঞ্জ থানার আগানগর বাঁশপট্টি এলাকায় ওয়াসিম নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সাত বছর আগে ওয়াসিমকে জবাই করে হত্যা করে আসামিরা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাইজুন্নেছার আদালত এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আসামিদের দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-জাহাঙ্গীর আলম, পলক রহমান, আব্দুল বাতেন ও পাপ্পু। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম দস্তগীর এ তথ্য জানান।

রায় ঘোষণার আগে আব্দুল বাতেন ও পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাদের কারাগারে পাঠানো হয়। এ মামলায় অন্য দুই আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

২০১৫ সালের ৪ এপ্রিল কেরানীগঞ্জ মডেল থানার আগানগর বাঁশপট্টি এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাওয়ার স্টেশনের পিছন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করে। পরে পুলিশ তদন্ত করে লাশের পরিচয় শনাক্ত করে এবং হত্যার কারণ উদঘাটন করে গ্রেপ্তার করে আসামিদের।

পরে মামলাটির তদন্ত করে ২০১৬ সালে ৫ জনকে অভিযুক্ত করে পৃথক দুটি চার্জশিট দাখিল করে পুলিশ। সজীব শিশু হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে চার্জশিট দেওয়া হয়। গত বছর ২৪ জানুয়ারি আদালত চার আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন। আর সজীবের মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD