কক্সবাজারে স্বামী-সন্তান জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিকুল ইসলাম আশিক এখনও ধরাছোঁয়ার বাইরে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসা ধর্ষণের শিকার হন নারী পর্যটক। ধর্ষণের শিকার নারীর ভাষ্য, ‘স্বামী-সন্তান নিয়ে ওইদিন সকালে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেন। উঠেন শহরের হলিডে সি-ল্যান্ডের ২০১নং কক্ষে। ওই দিন বিকালে স্বামী-সন্তানকে নিয়ে লাবণি বিচে যান। রাতে হোটেলে ফেরার পথে এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এতে স্বামীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক। বাধা দিলে তার সঙ্গেও তর্কে জড়ায় যুবক। ওই সময় আরও দুই যুবক ঘটনাস্থলে এসে হাজির হয়। তারা স্বামী-সন্তানকে ইজিবাইকে তুলে দিয়ে ওই নারীকে আলাদা করে ফেলে। পরে ওই এলাকার একটি ঝুপড়ি ঘরে নিয়ে তিন জনে পালাক্রমে ধর্ষণ করে। এরপর স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে শহরের জিয়া গেস্ট ইন নামের একটি হোটেলে নিয়ে যায়।
এই ঘটনায় ধর্ষিতা নারীর স্বামী মামুন মিয়া বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলায় আশিকুল ইসলাম আশিক, বাবু, জয় ও রিয়াজ উদ্দিনের নাম উল্লেখ করে আরো দুই তিন জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে।