টাঙ্গাইল প্রতিনিধি : ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। যে যেভাবে পারছেন রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশে। শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হওয়া কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকেই চলাচল করছে যাত্রীবাহী বাস।
সেই আগের মতোই ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকারে ও মোটরসাইকেলেও অধিক ভাড়ায় চলাচল করছে লোকজন। মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, রাবনা বাইপাস, টাঙ্গাইল বাইপাস, গোড়াই, মির্জাপুরসহ বিভিন্ন বাসটার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
এদিকে সকাল ৯ টার পর মহাসড়কে পুলিশের টহল শুরু হলে দূরপাল্লার বাস আটকে দেন তারা। কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলাও দেয়া হয়। তবে সড়কের বিভিন্ন জায়গায় মানুষের জটলা রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, রাতে যে সমস্ত বাস উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসছিলো সেই বাসগুলো গন্তব্যে যেতে সকাল হয়ে গেছে। তবে এখন কোনো বাস আসলে তা ফেরত দেয়া হচ্ছে। এছাড়াও মামলা দেয়া হচ্ছে।