শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ৫ ভারতীয় পাইলট ও ২ জন টেকনিশিয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

ভারতে প্রথমবারের মতো বিমানের ৫ জন পাইলট ও ২ জন টেকনিশিয়ান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তারা সবাই দেশটির রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। এর আগে দেশটিতে বিমান পরিবহনের সঙ্গে যুক্ত কারো করোনাভাইরাস শনাক্ত হয়নি।

এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল শনিবার জরুরি ভিত্তিতে সংস্থাটির পাইলটসহ ৭৭ জন কর্মীর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায়, ৫ জন পাইলট ও ২ জন টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের কারো শরীরেই কোনো ধরনের উপসর্গ বা লক্ষণ নেই। তাই সকলকে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা যায়, আক্রান্ত পাইলটরা সম্প্রতি চীনের গুয়াংজু শহরসহ হংকং ও সাংহাইয়ে বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করেছেন। তারা বোংয়িং ৭৮৭ কার্গো বিমান পরিচালনার মাধ্যমে সেসব জায়গা থেকে মেডিকেল সামগ্রী আনার কাজ করছিলেন। সর্বশেষ গত ২০ এপ্রিল তাদের কেউ কেউ ফ্লাইট পরিচালনা করেছেন।

আক্রান্ত পাইলটদের সবাই মুম্বাইয়ের বাসিন্দা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে রাজধানী দিল্লি থেকে আন্তর্জাতিক রুটে কার্গো ফ্লাইট পরিচালনা করেছেন তারা।

করোনা করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করেছে দেশটির সরকার। ইতোমধ্যে ইতালি-ইরানসহ বেশ কয়েকটি দেশ থেকে ভারতীয়দের ফিরিয়েও আনা হয়েছে। সর্বশেষ আজ রোববার যুক্তরাজ্যের লন্ডন থেকে ৩২৬ জন ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে করে ফিরিয়ে আনা হয়।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD