বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

কুমিল্লায় বিএনপি অফিসে হামলা: জামায়াত নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

কুমিল্লার হোমনায় জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) হেলাল উদ্দিন সরকার নামের এক বিএনপি নেতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার (২ জুন) বিকালে হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার চান্দেরচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে জামায়াতের একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এ সময় বিএনপি নেতারা অফিসের সামনে সভা না করার অনুরোধ করতে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করার অভিযোগ উঠে। বিষয়টি নিয়ে উভয় দল থেকে পরস্পর বিরোধী অভিযোগ করা হয়।

হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন বলেন, জামায়াতের নেতাকর্মীরা আমাদের দলীয় কার্যালয়ের সামনে তাদের সাংগঠনিক সভার আয়োজন করে। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। বিষয়টি নিয়ে আমাদের কর্মী সমর্থকরা আপত্তি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে জামায়াত নেতারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অফিসটি ভাঙচুর করে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনবে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন বলেন, অভিযোগ সত্য নয়। যতটুকু শুনেছি একটি সভাকে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতি হয়েছে। কিন্তু হামলা করে দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন। আমরা এ ধরনের রাজনীতি করি না। পুলিশ তদন্ত করলে সব তথ্য বের হয়ে আসবে।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD