বিশ্বকাপ শুরুর আগে আজ আইসিসির আয়োজনে আহমেদাবাদে হয়ে গেল ক্যাপ্টেন্স মিট। যেখানে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা অংশ নিয়েছেন। ক্যাপ্টেন্স মিটে উপস্থিত হয়ে নিজেদের স্বপ্ন ও সম্ভাবনার কথা শুনিয়েছেন অধিনায়করা। সেখানে কুশলাদি বিনিময় করেন সাকিব আল হাসান-জস বাটলার, রোহিত শর্মারা। যা সরাসরি সম্প্রচার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
তবে এদিন আলাদাভাবে নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার এক কাণ্ড জন্ম দিয়েছে হাস্যরসের। অনুষ্ঠান চলাকালে তাকে ঘুমিয়ে পড়তে দেখা যায়।
মঞ্চে সারি করে সোফায় বসেছেন সব দলের অধিনায়কেরা। সবার বামে ছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এরপরেই বসছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। আর সবার ডানে স্বাগতিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তার পাশে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর সবার মাঝের আসনে ছিলেন প্রোটিয়া দলপতি টেম্বা বাভুমা।