আইসিসি অবশেষে বাংলাদেশকে জানিয়েই দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে যেতে হবে ভারতেই। সিদ্ধান্ত জানাতে এক দিনের সময়ও বেধে দিয়েছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা।
সেই সিদ্ধান্ত জানানোর আগে আজ ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিকাল ৩টায় এই আলোচনা হবে।
এই আলোচনায় মূলত উঠে আসবে ক্রিকেটারদের মতামত। সেই মতামতের ভিত্তিতেই আজ আইসিসিকে সিদ্ধান্ত জানাবে বোর্ড।
আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করার কয়েক ঘণ্টা পরও আশা ছাড়েননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি মনে করেন, বাংলাদেশ এখনো বিশ্বকাপে খেলতে পারে। তার বিশ্বাস, আইসিসি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে পারে এবং ম্যাচ ভারত থেকে সরাতে পারে।
আমিনুল ইসলাম বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে একটা অলৌকিক কিছুর আশা করছি। বিশ্বকাপ খেলতে কে না চায়? আইসিসির প্রেস বিজ্ঞপ্তির পর আমরা আসলে কিছু বলতে পারি না। বৈঠক হয়েছে দেড় ঘণ্টা। ভোটের আগে আমরা আমাদের সিদ্ধান্তের কারণ আইসিসি বোর্ডকে ব্যাখ্যা করেছি। আমরা ভোটে যেতে চাইনি। আমরা আলাদা অবস্থানে ছিলাম।’
একই সঙ্গে তিনি বলেন, এই অনিশ্চয়তার সময়ে সরকারকে চাপ দিতে চান না। আমিনুল ইসলাম বলেন, ‘আমি সরকারকে চাপ দিতে চাই না। আমরা জানি, ভারত আমাদের জন্য নিরাপদ নয়। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমি জানি, আইসিসি আমাদের অনুরোধ ফিরিয়ে দিয়েছে। তবুও আমরা আবার সরকারের সঙ্গে কথা বলব। সরকারের মতামত আইসিসিকে জানাব। সরকার সিদ্ধান্ত নিলে শুধু খেলোয়াড়দের কথা ভাবে না, সবাইকে বিবেচনায় নেয়।’