শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
খেলতে খেলতে মাঠেই প্রাণ হারালেন ফুটবলার

খেলার মাঝেই মাঠে অজ্ঞান হওয়ার পর প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো।

৪০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে এনেরামো ১০টি ম্যাচ খেলেছেন।

গতকাল (শুক্রবার) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচটির প্রথমার্ধে পুরোটা সময়ই খেলেন তিনি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বিপত্তি বাধে।

এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৪০ বছর বয়সী এনেরামো ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।’

এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’ এর আগে এনেরামো নাইজেরিয়ার হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

তিউনিসিয়ায় সফল ক্লাব ক্যারিয়ার থাকা সত্ত্বেও এবং দেশটির নাগরিকত্ব নেওয়ার সম্ভাবনা থাকলেও তিনি নাইজেরিয়ার হয়েই খেলার সিদ্ধান্ত নেন।

এর আগে এসপারেন্স স্পোর্টিভ ডি তিউনিস ক্লাবের হয়ে খেলাকালীন ভক্তদের কাছে ‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন এনেরামো। এনএফএফ–এর তথ্যমতে, দলটিকে একাধিক শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন এই ফরোয়ার্ড।

এ ছাড়া তিনি তুরস্কের ক্লাব– সিভাসপোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসাকসেহিরের হয়েও খেলেছেন।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। যার তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD