নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্সে আগুনের ঘটনায় ভবনের ভেতরে ড্রোন দিয়ে মরদেহ খোঁজার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। আগুনে ৬ তলা ভবনটির অবস্থা বেশ নাজুক হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে ড্রোন দিয়েই সন্ধান কাজ চালানো হচ্ছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি।
আগুনের ঘটনায় গঠিত ৮ সদস্যের তদন্ত কমিটি আজ বুধবার বিকেল থেকে ঘটনাস্থলে তদন্তের কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২১ ঘণ্টা কেমিকেলের আগুনে মরদেহ আর আর আগের মতো পাওয়া সম্ভব না। তারপরও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান আছে।’
হামিদুর রহমান আরও বলেন, ‘আমরা নিখোঁজদের তালিকা লিপিবদ্ধ করছি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটি সেই লক্ষ্যে প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষণ করে তদন্তের কাজ শুরু করেছে।’
এসময় তদন্ত কমিটির সদস্য, তিতাস, গণপূর্ত বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অদিদপ্তর, পল্লি বিদুৎ সমিতি, ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।