দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় উদ্ভূত গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জবাবে আনোয়ার ইব্রাহিম আশ্বাস দিয়ে বলেন, সংকট নিরসনে মালয়েশিয়ার পক্ষ থেকে যা যা করা সম্ভব, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও টিমের সঙ্গে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি দ্রুত প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হবে।
জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে যে ঘাটতি তৈরি হয়েছে, তা কমিয়ে আনতেই মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়া থেকে গ্যাস আমদানির সম্ভাবনা, তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং বিদ্যমান সম্পদ ব্যবহার করে কীভাবে বাংলাদেশকে সহায়তা করা যায়, সে বিষয়েও দুই প্রধানমন্ত্রীর মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে, ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) দ্রুত সচল করতে দেশীয় বিশেষজ্ঞরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের শুরুতেই প্রতিদিন অতিরিক্ত ২৮০ থেকে ৩৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। আর পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ পুরো এফএসআরইউ পূর্ণাঙ্গভাবে চালু করা যাবে।