জ্বর হইছিলো। ঠাণ্ডাও লাগছিলো। চার-পাঁচ দিন বাড়িতেই ছিলাম। হাত-পা ব্যাথাও হইছিলো। এগুলা এমনিতেই সাইরা যায়। তাই পরীক্ষা করাই নাই।
বলছিলেন হাজেরা বেগম (৪৫)। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের বাসিন্দা তিনি। তার দাবি, এটা সিজনাল জ্বর ছিল।
একই উপজেলার নিজভারেঙ্গা গ্রামের মাদ্রাসাছাত্র হাছানুরের চার-পাঁচ দিন ধরে জ্বর-কাশি। ফার্মেসি থেকে ওষুধ নিয়ে খাচ্ছেন। তিনিও করোনা পরীক্ষা করাননি। হাছানুর বলেন, পজিটিভ আসলেই তো ঝামেলা শুরু হইবো। তাই পরীক্ষা করাইনি।
শুধু হাজেরা বেগম আর হাছানুর নন; ওই এলাকার অধিকাংশ মানুষ জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। আর এটি শুধু মানিকগঞ্জের গ্রামের চিত্র নয়। সারা দেশের গ্রামের চিত্র এখন একই।
জ্বর-সর্দি-কাশিকে এখনও গ্রামের মানুষ পাত্তা দেয় না। এগুলো করোনাভাইরাসের উপসর্গ হলেও তাদের ভ্রুক্ষেপ নেই। এগুলো নিয়েই বসবাস করছেন। করোনা পরীক্ষার ব্যাপারেও আগ্রহ নেই তাদের। যাদের অবস্থা বেশি খারাপ হচ্ছে, তারা ছুটছেন হাসপাতাল, ক্লিনিকে। ফলে একদিকে যেমন তাদের মৃত্যুঝুঁকি বাড়ছে, অন্যদিকে তাদের সংস্পর্শে যারা আসছেন তারাও আক্রান্ত হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রামে গ্রামে এখন যে অবস্থা, তাতে ব্যাপকভাবে নমুনা পরীক্ষা করে শনাক্ত নির্ণয় করে যথাযথ ব্যবস্থা নেওয়া না গেলে পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ হবে। তখন তা কোনোভাবেই নিয়ন্ত্রণে থাকবে না।
দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। একদিন মৃত্যুর রেকর্ড হচ্ছে, পরদিনই নতুন উচ্চতায় উঠছে শনাক্তের সংখ্যা। এভাবেই চলছে রেকর্ড ভাঙাগড়া। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। এদিন মারা গেছেন ২৩১ জন। এছাড়া একদিনে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৩৩২১ জন। যা দ্বিতীয় সর্বোচ্চ।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, করোনা থেকে বাঁচার একটাই রাস্তা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা নেওয়ার সুযোগ থাকলে অবশ্যই নিয়ে নিতে হবে, এ ব্যাপারে যেন সবাই সচেষ্ট হন।
তিনি বলেছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা এখন যে জায়গায় আছেন, সেখানেই ঈদ পালন করবেন। এই সময়ে ধাক্কাধাক্কি করে বাড়িতে যাওয়ার কোনো মানে নেই। আগে আমরা বলতাম, গ্রামে করোনা ছড়িয়ে যাবে। এখন গ্রামেও করোনার সংক্রমণ অনেক বেড়ে গেছে। কেউ যেন গ্রামে ঈদ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে শহরে এসে অন্যদের সংক্রমিত না করতে পারেন সেদিকে আমাদের নজর দিতে হবে।
খোঁজ নিয়ে দেখা গেছে, মানিকগঞ্জ, ফরিদপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং নেত্রকোনা জেলায় গ্রামে গ্রামে মানুষের জ্বর-সর্দি-কাশি বাড়ছে। এসব জেলার হাসপাতালগুলোতে করোনা রোগীর সঙ্গে বাড়ছে উপসর্গে আক্রান্তদের ভিড়। উপসর্গের রোগী বাড়তে থাকলেও করোনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তের প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যাপারেও উদ্যোগ নেই সংশ্নিষ্ট কর্তৃপক্ষের।
ঈদের ছুটিতে শহর ছেড়ে কাউকে গ্রামে না যাওয়ার অনুরোধ জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। কিন্তু দেখা গেছে এর উল্টো চিত্র। বিধি-নিষেধের শর্ত ভুলে রীতিমতো স্বস্তির পরিবেশে ঈদ আয়োজনে ব্যস্ত মানুষ। চলাফেরা, কেনাকাটা, হাট-বাজার, কোথাও স্বাস্থ্যবিধি মানার সামান্য বালাই নেই। হাজার হাজার মানুষ গ্রামে ছুটে চলেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কভিড-১৯ মোকাবেলায় সরকার গঠিত কারিগরি পরামর্শক কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন, মানুষ যেন কেমন হয়ে গেছে! সবাই দেখছে হাসপাতালের কী অবস্থা! দিন-রাত ছুটছে করোনায় মৃতদের লাশবাহী অ্যাম্বুল্যান্স। অথচ মানুষ এসবে তোয়াক্কা না করে ছুটছে কোরবানির গরু কিনতে, কেউ ছুটছে নতুন জামা-কাপড় কিনতে, কেউ ছুটছে গ্রামের বাড়ি। এটা রীতিমতো মানবিক-নৈতিক সংকট।
সম্প্রতি করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটা সময় অনেকে মনে করতেন গ্রামের মানুষের করোনা হবে না, এ ধারণা ভুল প্রমাণ করে ভাইরাসের সংক্রমণ এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই সংক্রমণ আগের দিনের হারকে অতিক্রম করে যাচ্ছে। এমন অবস্থায় মাস্ক পরার পাশাপাশি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ওবায়দুল কাদের বলেছেন, নিজের সুরক্ষার জন্য সতর্ক না হলে, উদাসীনতা দেখালে কেউ আমাদের সুরক্ষিত করতে পারবে না। একটা সময় হয়তো হাসপাতালে বেড বাড়িয়েও রোগী সামাল দেওয়া যাবে না, সেই পরিস্থিতি মাথায় রেখে মাস্ক পরিধান নিশ্চিত করার পাশাপাশি সামজিক দুরত্ব বজায় সহ অন্যান্য সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।