সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

ঘূর্ণিঝড় অর্ণব: বন্দরগুলোতে সতর্কসংকেত জারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন এবং গুমোট আবহাওয়া বিরাজ করছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গভীর নিম্নচাপটি গত মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭৫৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সুখী বাসসকে এসব তথ্য নিশ্চিত করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD