শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পথচারীরা ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের ক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়া অভিমুখী দ্রুতগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পটিয়া থেকে ছেড়ে আসা মইজ্জ্যারটেক অভিমুখী মাহিন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এদিকে সংবাদ পেয়ে স্থানীয়দের সহায়তায় পটিয়া হাইওয়ে পুলিশ ও কর্ণফুলি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
আহতদেরকে স্থানীয়রা দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ বাস ও মাহিন্দ্রা জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ক্রসিং এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
আহত অন্তত ৩০ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা গুরুতর। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD