শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

চীনের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

চীনের বিপক্ষে লড়াই করেও হেরে গেলো বাংলাদেশ নারী ফুটবল দল। সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ২-০ গোলে হেরে যায়।

চীনের র‌্যাংকিং ১৭, বাংলাদেশের ১১২। অসম লড়াইয়ে বাংলাদেশ কেমন প্রতিদ্বন্দ্বিতা করে সেটাই ছিল দেখার। বাংলাদেশ নির্ধারিত ৯০ মিনিট পজিটিভ ফুটবলই খেলেছে। ডিফেন্সে বেশি খেলোয়াড় রাখলেও মিডফিল্ডে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আক্রমণও হয়েছে বাংলাদেশের।

চীনের ফুটবলাররা বাংলাদেশের চেয়ে ফিজিক্যালি, টেকনিক্যালি অনেক এগিয়ে। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশ দলের ফিটনেস ছিল প্রশংসনীয় পর্যায়ে। বল দখলের লড়াই কিংবা তাড়ায় খুব বেশি পেছনে ছিলেন না ঋতুপর্ণারা।

এশিয়ান চ্যাম্পিয়ন চীনকে প্রথম গোল পেতে ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল করে চীন। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বল পজেশনে আগের চেয়ে উন্নতি করে। এই অর্ধে খানিকটা রক্ষণের খোলস ভেঙে আক্রমণেরও চেষ্টা করেছে। গোলরক্ষক মিলি আক্তার জাতীয় দলে নিয়মিত একাদশে খেলেন না। এশিয়ান কাপের মঞ্চে এশিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম দিকে নার্ভাস ছিলেন। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেন। বেশ কয়েকটি ভালো সেভ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশ তিন পরিবর্তন করে। উমহেলা, শিউলি ও নবীরনের পরিবর্তে তহুরা, হালিমা ও স্বপ্না নামেন। ৮৫ মিনিটের সময় বাংলাদেশের পক্ষে অভিষেক হয় সুইডিশ প্রবাসী আনিকা রহমানের। চীন দ্বিতীয়ার্ধে তিন জন খেলোয়াড় পরিবর্তন করলেও গোল ব্যবধান আর বাড়াতে পারেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD