এক গোল পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দক্ষিণ কোরিয়া। দ্বিতীয়ার্ধে দুই গোল করে চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করল দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার (১২ জুন) মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর জমে ওঠে লড়াই। প্রথমে চেক প্রজাতন্ত্র এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কোরিয়া। সন হিউং-মিন, লি কাং-ইন ও লি জে-সাংয়ের সমন্বয়ে একের পর এক আক্রমণ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। চতুর্থ মিনিটেই অফসাইডের ফাঁদে পড়েন সন। পরে একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হন তিনি।
১৪ মিনিটে লি জে-সাংয়ের দূরপাল্লার শট দারুণভাবে ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক ম্যাতেই কোভার। অন্যদিকে ১৬ মিনিটে প্যাট্রিক শিকের আক্রমণ রুখে দেন কোরিয়ার নির্ভরযোগ্য ডিফেন্ডার কিম মিন-জে।
প্রথমার্ধের শেষদিকে গোলের সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন সন হিউং-মিন। তবে ঠিক সময়ে ভারসাম্য হারিয়ে ফেলায় শট নিতে পারেননি তিনি। ফলে বিরতিতে যায় দুই দলই গোলশূন্য অবস্থায়।
বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির কুফালের লং থ্রো থেকে উড়ে এসে হেডে বল জালে জড়ান অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। তার শক্তিশালী হেডে কোনো সুযোগই পাননি কোরিয়ান গোলরক্ষক।
তবে গোল হজমের পরই জেগে ওঠে দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে হোয়াং ইন-বম অসাধারণ এক ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান। চেক রক্ষণভাগের ফাঁক গলে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে দূরের কোণে বল পাঠান তিনি।
সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় কোরিয়া। এরই মধ্যে ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে টমাস সৌচেক বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
এর তিন মিনিট পরই আসে ম্যাচের নিষ্পত্তি। ৮০তম মিনিটে হোয়াং ইন-বমের কাটব্যাক থেকে ওহ হিউন-গিউ কাছের পোস্টে নিখুঁত ফিনিশিং করে কোরিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা চালায় চেক প্রজাতন্ত্র। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মিকাল স্যাডিলেক সুযোগ পেলেও কিম মিন-জের দৃঢ় রক্ষণে ভেস্তে যায় সেই প্রচেষ্টা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।
আগামী ১৮ জুন নিজেদের পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে ১৯ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া।