ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আয়ের সুযোগ দিচ্ছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রচারণামূলক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাদে সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ করা যাবে। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও থাকছে। এ জন্য প্রথমে ছাদের কতটুকু জায়গা সোলার স্থাপনের উপযোগী, তা নির্ধারণ করতে হবে। এরপর তালিকাভুক্ত সোলার ও ব্যাটারি স্থাপন করতে হবে।
সোলার ও ব্যাটারির মাধ্যমে প্রয়োজনের সময় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা যাবে। আর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস পরপর সরাসরি ব্যাংক হিসাবে জমা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে সোলার সিস্টেম চালু করে জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘সৌরবিদ্যুতে আয় বাড়াই, প্রতি ইঞ্চি ছাদকে কাজে লাগাই।’