সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : অনেক দিন পর ছুটি পেয়েছিলেন পুলিশ সদস্য নিপন চাকমা। তাই আর দেরি না করেই ছুটে যাচ্ছিলেন প্রিয় জন্মস্থান রাঙ্গামাটির উদ্দেশ্যে। সেখানে প্রিয় মুখগুলোর সাথে দেখা হবে। এমন আনন্দ নিয়ে নিজের মোটরসাইকেলটি নিয়ে বের হন। চট্টগ্রামের কাছাকাছি সীতাকুণ্ড উপজেলার কুমিরা অতিক্রম করার সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসা একটি ঘাতক ট্রাক তাকে ধাক্কা দেয়। এই ধাক্কাতেই মহাসড়কের উপর উল্টে পড়ে ট্রাক চাপায় নিহত হন তিনি।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় করুণ এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায়। নিহত নিপন চাকমা (৪৭) রাঙ্গামাটির কাউখালী উপজেলার উল্টা রাঙ্গিপাড়া গ্রামের নিরোদ রঞ্জন চাকমার ছেলে। তিনি ফেনী জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিপন চাকমা যখন কুমিরা এলাকা অতিক্রম করছিলেন তখন একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনি ট্রাকটির সামনের মহাসড়কে ছিটকে পড়েন। এসময় ট্রাকটি পুনরায় তাকে চাপা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত বারআউলিয়া হাইওয়ে পুলিশকে বিস্তারিত জানালে তারা ঘাতক ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। অন্যদিকে, কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন বলেন, নিপন ছুটি পেয়ে তার নিজ বাড়ি রাঙ্গামাটিতে যাচ্ছিলেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এ দুর্ঘটনায় তার আর যাওয়া হলো না।
বারআউলিয়া হাইওয়ে থানার এ.এস.আই লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিপন চাকমা ফেনী জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। সেখান থেকে চট্টগ্রাম অভিমুখে যাবার পথে একটি ট্রাক ধাক্কা দিলে তার মর্মান্তিক মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাকসহ চালক ও হেল্পারকে গ্রেপ্তার করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আর তার কর্মস্থল ফেনী জেলা পুলিশ লাইন থেকে একটি টিম আসার পথে আছে। তারা এলে লাশ তুলে দেওয়া হবে।
আরও পড়ুন :