শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

শিরোনাম :

জামিন পেলেন মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
জামিন পেলেন মিথিলা

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহক তিনজন তারকা শিল্পীর নামে প্রতারণার মামলা করেছেন। তাদেরই একজন রাফিয়াত রশিদ মিথিলা। গত ৪ ডিসেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করেন সেই গ্রাহক।

দুই মাস পর আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত মিথিলার জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিথিলার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। সে সময় মিথিলা আদালতে উপস্থিত ছিলেন। হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (৩ ফেব্রুয়ারি) তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন।

প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন। তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD