সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন

টাইব্রেকারে ভারতকে হারিয়ে আবারও শিরোপা বাংলাদেশের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ।

শেষ পর্যন্ত ম্যাচটা যেন ঠিক এমনই হওয়ার কথা ছিল। ৯০ মিনিটে কেউ কাউকে ভাঙতে পারল না, সব হিসাব গিয়ে থামল টাইব্রেকারের স্নায়ুচাপে। আর সেই জায়গাতেই নিজেকে সবচেয়ে ঠান্ডা মাথার দল হিসেবে প্রমাণ করল বাংলাদেশ।

মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

টাইব্রেকারটা ছিল একেবারে সিনেমার মতো। বাংলাদেশের চতুর্থ শট নিতে এগিয়ে আসেন স্যামুয়েল রাকসাম। ঠিক তখনই হঠাৎ করে মাটিতে পড়ে যান ভারতের গোলরক্ষক সুরজ সিং। কিছুটা সময় নষ্ট হলো, খেলোয়াড়দের মনোযোগও নড়বড়ে হয়ে গেল। আবার খেলা শুরু হতেই রাকসামের শট লেগে গেল ক্রসবারে। সুযোগ নিয়ে ভারত সমতায় ফিরল।

মুহূর্তেই চাপ ঘুরে গেল বাংলাদেশের দিকে।

কিন্তু শেষ দৃশ্যটা অন্যরকম। ভারতের পঞ্চম শট বাইরে চলে গেলে আবার সুযোগ আসে বাংলাদেশের সামনে। রোনান সুলিভান এগিয়ে এলেন। চারপাশে নিস্তব্ধতা। এক শটে সব শেষ করার সুযোগ। তিনি ভুল করেননি। চাপের সময় প্যানেকা দিয়ে বল জালে জড়াতেই সতীর্থরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল।

তার আগের ৯০ মিনিটেও কম লড়াই হয়নি। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। রোনানের কয়েকটি প্রচেষ্টা ভারতীয় গোলরক্ষক সামাল দেন। মাঝমাঠে লড়াই ছিল সমানতালে, তবে রক্ষণে দুই দলই বেশ সতর্ক ছিল।

প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধে গতি কিছুটা বাড়ে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বারবার থেমে যায় আক্রমণ। ভারতের কয়েকটি শট সামলে দেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। তার আত্মবিশ্বাস পুরো দলকেই স্থির রাখে।

টাইব্রেকারে সেই মাহিনই প্রথম ধাক্কাটা দেন ভারতের ওপর। শুরুতেই একটি শট ঠেকিয়ে দেন, যা পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

বাংলাদেশের হয়ে সফল হন মুর্শেদ আলি, চন্দন রায়, আব্দুল রিয়াদ ফাহিম এবং রোনান। একমাত্র শট মিস করেন রাকসাম, কিন্তু শেষ পর্যন্ত সেটি বড় হয়ে দাঁড়ায়নি।

এই জয়ে একটা দীর্ঘ অপেক্ষারও শেষ হলো। এর আগে বয়সভিত্তিক তিনটি ফাইনালে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই স্মৃতি এবার মুছে দিল নতুন প্রজন্ম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD