স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের ভ্যাকসিন সংগ্রহে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়, মাস্ক না পরলে ভ্যাকসিনে কোন কাজ হবে না।
সোমবার (২৬ এপ্রিল) সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।
করোনা নিয়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, জীবিকার আগে জীবন, তাই করোনার এই সময়ে জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
করোনার এই সময়ে রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে যেভাবে অনবরত মিথ্যাচার করে যাচ্ছে- সে কারণে এসব মিথ্যাচারের জবাব সরকারের পক্ষ থেকে দিতে হয়।
করোনার এই ভয়াবহ বিস্তাররোধে এখন একমাত্র রাজনীতি হচ্ছে মানুষকে বাঁচানো উল্লেখ করে তিনি বলেন, মানুষের জীবন ও জীবিকার দিকেও নজর রাখতে হচ্ছে সরকারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সবকিছু নিয়ন্ত্রণ করছেন বলেও জানান তিনি।
বিএনপির অনেক নেতাদের ঔষধ কোম্পানি আছে, এ ঔষধ কোম্পানিগুলোর মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেটাও তারা করছে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কর্মীদের মত কৃষকের ধান কেটে দেওয়ার মত কর্মসূচিও তো বিএনপির নেতারা করতে পারে?
বিএনপি শুধু মিথ্যাচার আর অপপ্রচারের রাজনীতিকে আঁকড়ে ধরে আছে এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সন্ত্রাস ও জ্বালাও পোড়াও’র রাজনীতিতে উসকানি দিচ্ছে, যা জনগণ আশা করে না বলে মনে করেন ওবায়দুল কাদের।
গতকাল হেফাজতে ইসলাম তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করছে, তবে শুধু বিলুপ্ত করলেই হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতিও বিলুপ্ত করতে হবে। পাশাপাশি নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব কী বন্ধ হবে? প্রশ্ন ওবায়দুল কাদেরের।