শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :

টিপ নিয়ে প্রশ্ন তোলা আত্মমর্যাদায় আঘাত: মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

টিপ পরে হেনস্তার শিকার হয়েছেন তেজগাঁও কলেজের এক নারী প্রভাষক। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। টিপ পরা নিয়ে হেনস্তার প্রতিবাদের মিছিলে এবার সামিল হলেন জনপ্রিয় অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে মিথিলা বলেন, ‘শাড়ি আর টিপ বাঙালি নারীর প্রিয় সাজ। সেই নিয়ে প্রশ্ন তোলা মানে তার আত্মমর্যাদায় আঘাত করা। যা আমি মেনে নিতে পারছি না।’

প্রতিবাদ জানাতে রাজর্ষি দের সিনেমা ‘মায়া’র একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘আমার টিপ নিয়ে কোনো কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোনো কথা নয়। যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হওয়ার ভয়, পৃথিবীটা তোমার একার নয়!’

ছবিটিতে মিথিলা নিজের কপালে লাল টকটকে একটি সিঁদুরে টিপ এঁকেছেন। তিনি জানান, ছবিটি সাদা-কালো ছিল। কপালের টিপের প্রতি সবার নজর কাড়তে তিনি সেটিকে রঙিন করেছেন।

প্রতিবাদী এই অভিনেত্রী জানান, আমার এই ছবি ও মন্তব্যের নিচে বহু পুরুষ তাদের কপালে টিপ এঁকে ছবি দিয়েছেন। সমর্থন জানিয়েছেন আমায়। খুব ভালো লাগছে। প্রতিবাদের হাত ধরে লিঙ্গভেদও যেন মুছে যাচ্ছে।

তবে পোস্টে অনেক নেতিবাচক মন্তব্যও করা হয়েছে। এ প্রসঙ্গে মিথিলার বলেন, ‘সে তো অন্য ধর্মের মানুষকে বিয়ে করার পর থেকেই শুনতে হচ্ছে। এসব আর গায়ে মাখি না। ভালো থাকাটাই সবচেয়ে জরুরি আমার কাছে। কে কী বলল, কী এসে গেল!’

মিথিলা আফসোস করে আনন্দবাজারকে বলেন, ‘ধর্ম আর অসহিষ্ণুতা বিশ্বকে ক্রমশ গ্রাস করছে। আজ হিজাব, কাল টিপ, পরশু শাড়ি…. নারীর কিছু না কিছু নিয়ে অকারণ বক্তব্য। এটা একে বারেই কাম্য নয়। আমি কী পরব সেটা সম্পূর্ণ আমার বিষয়। আমি কী করব, সেটাও। যিনি বলবেন তাঁকে আমার রোষের আগুনে পুড়তে হবে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD