যুদ্ধবিরতি আলোচনা থমকে যাওয়ার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে। তিনি বলেছেন, দ্রুত সমঝোতায় না এলে ইরানের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ওদের (ইরানকে) দ্রুত এগোতে হবে। না হলে কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ।’
এই মন্তব্যের সময়ই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপ হওয়ার কথা ছিল।
এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সংঘাত নিরসনে তেহরানের সর্বশেষ প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট ছাড় দিতে ব্যর্থ হয়েছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে সমঝোতার অভাব আলোচনায় অচলাবস্থা সৃষ্টি করবে বলে জানিয়েছে দেশটির আধাসরকারি মেহের সংবাদ সংস্থা।
ইরানের পক্ষ থেকে যুদ্ধ পুরোপুরি বন্ধ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যতে আর হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়েও জোর দিয়েছে তেহরান।
জবাবে যুক্তরাষ্ট্র নাকি পাঁচটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে, ইরানকে একটি মাত্র পারমাণবিক স্থাপনা চালু রাখতে হবে এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।
তবে ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি ২০ বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখে, তাহলে সেটিও বিবেচনা করা হতে পারে।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক বিমান হামলা চালানোর পর থেকেই উত্তেজনা চরমে ওঠে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি পরিস্থিতি।