মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় ঠিকাদারের অবহেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রায়হান কাজী (২৮) নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মহম্মদপুর উপজেলা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) রেজাউল ইসলাম জানান, বিদ্যুৎ বন্ধ না করে ঠিকাদার তার শ্রমিককে (লাইনম্যান) বিদ্যুতের খুঁটিতে উঠিয়ে দেওয়ায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ঠিকাদার শামছুল ইসলাম কটনকে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আহত করেছে। পরে মহম্মদপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত রায়হান উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামের কুদ্দুস কাজীর ছেলে। রায়হান ঠিকাদারি প্রতিষ্ঠান আল আরাফ এর কর্মকর্তা শামছুল ইসলাম কটনের অধীনে লাইনম্যান পদে মহম্মদপুরে কর্মরত ছিলেন।
রায়হানের বাবা কুদ্দুস কাজী বলেন, ঠিকাদার কটন ফোন করে বিদ্যুৎ বন্ধ করা আছে বলে তার ছেলেকে খুঁটিতে কাজের জন্য তুলে দেয়। ওই সময় ঝোড়ো বাতাসের কারণে বিদ্যুৎ বন্ধ ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই বিদ্যুৎ চলে আসে।’
পুলিশ ও চারজন প্রত্যক্ষদর্শী জানান, উপজেলার বালিদিয়া বাজারে আজ সন্ধ্যায় ঠিকাদার শামছুল ইসলাম কটনের অধিনে বৈদ্যুতিক লাইনম্যান হিসাবে খুঁটিতে ফিটিং কাজ করছিলেন রায়হান।
বৈদ্যুতিক ৩৩ কে.বি লাইনে কাজ করতে হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাইনম্যান বেল্ট বাধা অবস্থায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলেছিলেন। ঘটনাস্থলে ওই লাইনম্যানের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন তাকে ঝুলতে দেখে মহম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আবু আহসান জানান, হাসপাতালে আনার আগেই রায়হানের মৃত্যু হয়েছে।
রায়হানের আরেক সহকর্মী লাইনম্যান হাবিবুর রহমান জানান, ৩৩ কে.বি সঞ্চালন লাইনে ত্রুটি থাকায় বিদ্যুতের কাজ করার জন্য একটি পোলে ওঠে রায়হান। আকস্মিক পোলের তারে বিদ্যুৎ সংযোগ চালু হওয়ায় সে বিদ্যুতায়িত হয়ে তারের সাথে আটকে যায়। ঠিকাদার রাজাপুর সাব স্টেশনে কথা না বলেই রায়হানকে বিদ্যুতের পোলে কাজ করতে ওঠার নির্দেশ দেয়।
রাজাপুর সাব স্টেশন লাইন টেকনিশিয়ান সাইফুল ইসলাম বলেন, একটি পোলে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত হয়েছেন। তবে আমাদের অফিসকে কেউ অবগত করেনি। রেজিস্ট্রার বইয়ে কোন উল্লেখ নেই। ঠিকাদারের বিদ্যুৎ বন্ধের লিখিত আবেদন করার নিয়ম থাকলেও তিনি তা না করে কাজ করাচ্ছিলেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস বলেন, জনরোষ থেকে বাঁচাতে ঠিকাদারকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।