ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (৪ জুন) রাতে তিন দিনের সফরে ঢাকায় আসেন তিনি। এসময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দক্ষিণ কোরিয়া সফর শেষে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
আজ শুক্রবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন হাকান ফিদান। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আগামী শনিবার (৬ জুন) সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, শুক্রবার তিনি কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন।
সূত্র জানায়, বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী তুরস্ক। এ ছাড়া বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে একে অপরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা ইস্যু গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।