স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনা বিশেষজ্ঞরা বলছেন ঢাকার সড়ককে শৃঙ্খলায় আনতে বাস রুট রেশনালাইজেশনের কোনও বিকল্প নেই। অথচ ‘ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি’ ডিটিসিএ প্রকল্প বাস্তবায়ন এখনও অনিশ্চিত। প্রকল্পের কারিগরি অনেক দিকই এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। আছে দক্ষ জনশক্তির অভাবও।
আইন করা হলেও তা মানা হচ্ছে না। আবার কোথাও কোথাও আইনের প্রয়োগ অনিশ্চিত। পথচারীরাও অসচেতন। অদক্ষ চালক। সঙ্গে অসুস্থ প্রতিযোগিতা। সব মিলিয়েই সড়কে বিশৃঙ্খলা দূর করা সম্ভব হচ্ছে না।
সড়কে এমন বিশৃঙ্খলার জন্য বিশেষজ্ঞরা ব্যবসায়ী মনোভাবকে দায়ী করছেন। বলছেন গণ পরিবহনকে সেবা খাত হিসেবে না দেখে ব্যবসা হিসেবে নেয়ায় কোনও পরিকল্পনাই কাজ করছে না। তবে বাসের রুট রেশনালাইজেশনকে ঢাকার গণ পরিবহনের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন তারা।
বুয়েট এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, আমরা দীর্ঘ দিন ধরে কাজ করছি কিন্তু সুফল আনতে পারছি না। অথচ এটির পরিকল্পনা রয়েছে উদাহরণও আছে। আমাদের অবকাঠামোর দিক থেকে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেই জায়গা থেকে অনেক পিছিয়ে আছি।
আগামী তিন মাসের মধ্যে ঘাটারচর মোহাম্মদপুর ও মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে গণ পরিবহণ চলবে।
ডিটিসিএ এর ট্রাফিক ইঞ্জিনিয়ার (যুগ্ম সচিব) প্রকল্প পরিচালক আনিসুর রহমান বলেন, এই সেক্টরে জনবলের বড় অভাব। বর্তমানে ঢাকা শহরে দশটি স্থানে বাস টার্মিনাল নির্মাণের সমীক্ষা শুরু হয়েছে। সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সময় লাগবে।
এই সময়ের মধ্যে রাতেও গণপরিবহণ সার্ভিস চালু রাখার কথা জানালেন ডিটিসিএ’র এর এই কর্মকর্তা।
লাইট নিউজ