পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে তুলে নিয়ে টানা ৫ দিন আটকে রেখে এক কলেজছাত্রীকে (১৮) গণধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র্যাব। তাকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘টানা ৫ দিন আটকে রেখে গণধর্ষণ শেষে টিএসসি এলাকায় কিশোরীকে ফেলে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসেন শুভকে রাজধানীর লালবাগ এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ সকাল পৌণে ১১ টায় র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’
ভিক্টিম ওই কিশোরীকে গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের কাছে অভিযোগ করে কিশোরী জানায়, সে লালবাগে থাকে। একাদশ শ্রেণি শিক্ষার্থী সে। শুভ নামের এক প্রতিবেশী তাকে প্রেমের প্রস্তাব দিত। রাজি না হওয়ায় গত শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে শুভ ও তার বন্ধু শাকিল তুলে নিয়ে যায় তাকে। এরপর অজ্ঞাত কোনো স্থানে নিয়ে ৪ জন মিলে তাকে ধর্ষণ করে। টানা ৫ দিন তাকে নির্যাতন করে তারা। নেশাজাতীয় দ্রব্য খাইয়ে পালাক্রমে ধর্ষণ করত বলে জানায় কিশোরী।
এক কিশোরী জানান, আজ বেলা পৌনে ৩টার দিকে গোল্ডেন রঙের একটি প্রাইভেটকার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফেলে রেখে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি ওই কিশোরীকে চেনেন না।
এ বিষয়ে শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, একটি মেয়েকে অসুস্থ অবস্থায় টিএসসি থেকে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেলের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শাহবাগ থেকে ধর্ষণের শিকার এক কলেজছাত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।