রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা-দিল্লি হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আপাতত সপ্তাহে দুই দিন— বৃহস্পতিবার ও শনিবার— এই রুটে ফ্লাইট চলবে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে।

এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত। আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ে যাতায়াত করতে হতো।

ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ।

এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।
বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, ‘প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বিক্রি হয়েছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত।’

দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। তাদের মতে, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

এভিয়েশন বিশেষজ্ঞ ও দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, ‘এই রুট চালু হওয়ায় শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহনেও বড় সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে।’

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ করা হয়েছিল।

নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD