তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সময়ে তথ্যের জগৎ আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। রোববার (২৪ মে) রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে বড় ধরনের অবদান রাখা সম্ভব। তথ্যপ্রবাহের বর্তমান বাস্তবতায় জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকোসিস্টেম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। একই সঙ্গে জনগণের জন্য প্রয়োজনীয় সেবা যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আধুনিক জনসংযোগ কার্যক্রম কল্পনা করা যায় না। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগব্যবস্থা সম্পর্কে দক্ষ হতে হবে।
তথ্যমন্ত্রী জানান, তথ্য ক্যাডারে বর্তমানে তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। আধুনিক জনসংযোগ ব্যবস্থাপনায় দক্ষ জনবল তৈরি করা এখন সময়ের দাবি।
তিনি বলেন, চাই বা না চাই, আমরা এখন পারসেপশন ম্যানেজমেন্টের এক ধরনের লড়াইয়ের মধ্যে আছি। এজন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন।
এ ছাড়া জনসংযোগ কর্মকর্তাদের পাবলিক সাইকোগ্রাফি সম্পর্কে জানার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে ইয়াসের খান চৌধুরী বলেন, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফ্যাক্ট-চেকিং কার্যক্রমেও এ প্রযুক্তি কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
তিনি আরও বলেন, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। এজন্য সরকারি অঙ্গীকার ও ইশতেহার সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।