স্পোর্টস রিপোর্টার : তামিম ইকবাল ফিরছেন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। প্রথম প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল বিশ্রামে ছিলেন। জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের নিয়ে হচ্ছে এই প্রস্তুতি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার, ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুদিনের এই ম্যাচটি। প্রথম প্রস্তুতি ম্যাচটি হয়েছিল ২-৩ অক্টোবর। তামিম খেলবেন রায়ান কুকস একাদশের হয়ে।
বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুকস একাদশ নামে এই প্রস্তুতি ম্যাচে নামছেন ক্রিকেটাররা। মিরপুরে প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছিল। ওটিস গিবসন একাদশের ২৩০ রানের জবাবে রায়ান কুকস একাদশ ৫ উইকেটে ২৪৮ রান তোলে। অধিনায়ক মুমিনুল হক সেঞ্চুরি করেন।
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ স্থগিত ঘোষণার পরে অনুশীলনে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে বিসিবি দুটি প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা নেয়। সেই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়টি শুরু হবে ৫ অক্টোবর।
করোনার এই সময়ে বাংলাদেশ দলের চলতি বছর আপাতত আর কোনো বিদেশ সফর নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দল কবে ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। বিসিবি এই সময়টায় ঘরোয়া ক্রিকেটে ফেরার চিন্তা-ভাবনাও করছে। তারই অংশ হিসেবে এই প্রস্তুতি ম্যাচের আয়োজন।
ওটিস গিবসন একাদশ: সাঈফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুকস একাদশ: তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, কাজী নজরুল ইসলাম সোহান, শরীফ উদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ আল-আমিন হোসেন।