নদ-নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
কেন্দ্রের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তরের তিস্তা নদীর পানি সমতল বেড়েছে। তবে ধরলা ও দুধকুমার নদের পানি সমতল কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় তিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িকভাবে পানি উঠতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। অন্যদিকে গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
গঙ্গা-পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী দুই দিন এ অবস্থা বজায় থাকতে পারে। এরপর তিন দিন পানি বাড়লেও তা বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।