মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

তিন বছর ‘মৃত’ থেকেও শেষ রক্ষা হলো না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

জমি নিয়ে বিরোধ ছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে রক্তমাখা জামা দেখিয়ে স্বামীকে মৃত বলে প্রচার করেন স্ত্রী। তিন বছর পর কথিত সেই মৃতব্যক্তি ধরা পড়েছেন পুলিশের হাতে।

তিন বছর আগে অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার বলে প্রচার সেই ব্যক্তির নাম শাহজাহান আলী নাহিদ (৪০)। তিনি কালীগঞ্জ উপজেলার ইশোরকোল গ্রামের বাসিন্দা।

বুধবার (২৬ জানুয়ারি) গভীর রাতে শাহজাহান আলীকে আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ‘প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক’ সাজিয়েছিলেন বলে স্বীকার করেছেন বলে থানা সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ দেখা দিলে মামলা হয় শাহজাহান আলীর বিরুদ্ধে। প্রতিপক্ষকে ফাঁসাতে ২০১৯ সালের ২৭ মার্চ আত্নগোপন করেন শাহজাহান। এ ঘটনায় তার স্ত্রী মতিয়া বেগম দিপা বাদি হয়ে ওই বছর ৮ এপ্রিল সদর থানায় জিডি করেন। এরপর ২৫ এপ্রিল তার বাড়ির পাশ থেকে নিখোঁজ শাহজাহান আলীর রক্তমাখা পোশাক উদ্ধার করে পুলিশ। এরপর দিপা এলাকায় প্রচার করেন তার স্বামীকে প্রতিপক্ষ হত্যা করে মরদেহ গুম করেছে। ঘটনাটি সে সময় গণমাধ্যমে খবরের শিরোনাম হয়।

তবে হত্যার বিষয়টি পুলিশের কাছে রহস্যজনক মনে হলে জিডি নথিভুক্ত রেখে তদন্ত চলমান রাখে পুলিশ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকা থেকে শাহজাহান আলীকে আটক করে পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে শাহজাহান আত্নগোপনে ছিলেন। মিথ্যা তথ্য দিয়ে হয়রানী করার দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD