শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

তিন বন্ধু ঘুরতে গিয়ে প্রাণ গেল একজনের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে আরোহী আরও দুই কিশোর।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে ওই ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই উপজেলার বিদিরপুর মাদ্রাসা মোড় এলাকার লুৎফর রহমানের ছেলে মো. লিমন (১৭)।

আহত দুজন হলেন, একই এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. সবুজ (১৬) এবং জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিলা (১৭)। দুর্ঘটনায় হতাহত এ তিনজন বন্ধু এবং প্রত্যেকেই দশম শ্রেণির ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিল। তখন গোদাগাড়ীর বিজয়নগর-মাটিকাটা ভিতরপাস সড়কের কাঁঠালতলা এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই চালক লিমন নিহত হন। অন্য দুজনকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। এ দুজনের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

তিনি আরও জানান, এ ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছেন। তবে ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। নিহত কিশোরের পরিবার যেভাবে চাইবে, সেভাবেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD