দক্ষিণ চীন সাগরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে চীন। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ভিয়েতনাম। এ নিয়ে ভারতকে আরও সক্রিয় ভূমিকা নেয়ারও আহ্বান জানিয়েছে তারা। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম স্যান চাউ।
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় বেইজিং বোমারু বিমান এবং ফাইটার জেট মোতায়েন করেছে। ওই বৈঠকে চীনা আগ্রাসনের বিষয়ে আলোচনা করে ভারত-ভিয়েতনামের কর্মকর্তারা। বিষয়টি তাদের সার্বভৌমত্বের জন্য আঘাতস্বরূপ বলেই মনে করছে চীনের প্রতিবেশী দেশ ভিয়েতনাম।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শ্রিংলার সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূত সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। সেখানেই দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসনের বিষয়টি নয়াদিল্লির সামনে তুলে ধরেন হ্যানয়ের প্রতিনিধি। একইসঙ্গে ভারতের সঙ্গে কৌশলী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও সম্মতি জানান ভিয়েতনামের রাষ্ট্রদূত।
চলতি মাসের শুরুতেই বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে এইচ-৬জে বোমারু বিমান মোতায়েন করে চীন। বেইজিংয়ের উদ্দেশ্য, ওই দ্বীপ যাতে চীনা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে। চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমস দাবি করেছে, ওই এলাকায় মার্কিন এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারের তৎপরতায় বাধা দিতেই এমনটা করা হয়েছে।
লাইট নিউজ