মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম। মঙ্গলবার (৭ জুলাই) সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে দাপুটে জয় তুলে নেয় রেড ডেভিলস। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের নবম মিনিটে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে নিকোলাস রাসকিনের পাস থেকে সহজেই গোল করে দলকে এগিয়ে দেন ডি কেটেলারে।

৩১তম মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। মালিক টিলম্যানের নেওয়া শট হান্স ভানাকেনের গায়ে লেগে দিক বদলে জালে জড়ালে বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়ার কিছই করার ছিল না।

তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ডি কেটেলারে। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দেয় তাদের গোলরক্ষক ম্যাট ফ্রিসের ভুল। ৫৭তম মিনিটে ফ্রিসের ভুল পাস ডি কেটেলারের পায়ে লেগে হান্স ভানাকেনের সামনে চলে আসে। ফাঁকা জালে বল পাঠিয়ে ব্যবধান ৩-১ করেন তিনি।

শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বরং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে যুক্তরাষ্ট্রের আরেকটি রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রোমেলু লুকাকু গোল করে বেলজিয়ামের ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বেলজিয়াম। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে স্পেন। অন্যদিকে নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো যুক্তরাষ্ট্রকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD