শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

দেশের অগ্রগতি থামাতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি থামাতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর হাজারীবাগ থানার বিভিন্ন স্থানে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে আলোকিত পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আর্তমানবতার সেবায় কাজ করছেন। তার এ সেবার জন‍্য তিনি শুধু দেশে নন পৃথিবীর বিভিন্ন জার্নালে ‘মানবতার জননী’ উপাধি পেয়েছেন। সেটা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিশাল সম্ভাবনার জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশ এখন আর বিদেশ থেকে সাহায্য নেওয়ার দেশ নয়; বাংলাদেশ এখন সাহায্য দেয়। শ্রীলংকাকে বাংলাদেশ সাহায্য দিয়েছে। সুদানকে অর্থ মঞ্জুরি দিয়েছে। এ মঞ্জুরির টাকা ফেরত নেওয়া হবে না। এসব সংবাদ আমাদের আনন্দ দেয়। ১৬ কোটি মানুষ আনন্দিত হয়। বিশ্ব-সভায় প্রধানমন্ত্রী যখন প্রশংসিত হন; তখন বাংলার মানুষ আনন্দিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের দেশ এখন খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসায় স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের ফলে গত ১২ বছরে সমগ্র দেশের চেহারা পাল্টে গেছে। আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন‍্য বিদেশিদের কাছে হাত পাততে  হতো; এখন ৬ কিলোমিটারের পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করেছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্থল সীমানা, সমুদ্র সীমানা দিয়েছেন। তিনি উন্নয়নের ডেল্টা প্ল্যান দিয়েছেন। তিনি মধ‍্যম আয়ের দেশ দিয়েছেন। ২০৪১ সাল নাগাদ উন্নত দেশের কাতারে পৌঁছাতে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি থামিয়ে দেওয়ার জন‍্য অনেক গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংসকারী, এতিমের টাকা আত্মসাৎকারীরা উন্নয়ন ও অগ্রযাত্রা সহ্য করতে না পেরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এ যুদ্ধ শুধু জাতীয় নয়; আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর প্রেসিডেন্ট ফারুক হাসান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন আহম্মেদ। 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD