শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পাঁচটি নদীর ৯টি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান ও দোহাজারী পয়েন্টে পানি বিপৎসীমার যথাক্রমে ৯৫ ও ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর লামা ও চিরিঙ্গা পয়েন্টে পানি রয়েছে ৪৭ ও ৩২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১৮ ও ১০ সেন্টিমিটার, মনু নদীর মনু রেলওয়ে ব্রিজ ও মৌলভীবাজার পয়েন্টে ৩৫ ও ৮০ সেন্টিমিটার এবং খোয়াই নদীর বল্লা পয়েন্টে ৬০ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া আরও পাঁচটি নদীর ৯টি স্টেশন সতর্কসীমায় রয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে তিস্তা নদীর ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা), কুশিয়ারা নদীর শেরপুর (মৌলভীবাজার), সুরমা নদীর কানাইঘাট (সিলেট), ছাতক ও সুনামগঞ্জ, সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোণা) এবং ছোট ফেনী নদীর কোম্পানীগঞ্জ (নোয়াখালী) পয়েন্ট।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ২০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে।

পর্যবেক্ষণাধীন ১২৭টি নদীর পানি পরিমাপ স্টেশনের মধ্যে ৭৯টিতে পানির স্তর বেড়েছে, ৪৩টিতে কমেছে এবং ৫টিতে অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির প্রেক্ষাপটে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD