রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার: মাহফুজ আলম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিপরীতধর্মী না। জুলাইয়ের ছাত্র-জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি দরকার।’

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ তুলে মাহফুজ আলম বলেন, ‘লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সকল অনাহূত সংকট সবাই মিলে দূর করতে হবে।’

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্রের আর অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়তে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সাথে সাথে গড়তেও হবে।’

মাহফুজ আলম সতর্ক করে বলেন, ‘রাষ্ট্র ভঙ্গুর/ফেইল্ড হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনোটাই ঘটতে না দেওয়া।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD