বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও পরে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে এ মামলার আবেদন করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করার পর মামলাটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

পরে মামলা গ্রহণ করার মতো পর্যাপ্ত উপাদান না পাওয়ায় আদালত আবেদনটি খারিজ করে দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে অভিযোগ করা হয়েছিল, ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত, উসকানি ও সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবনে হামলা চালান। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই-পুস্তক ও মূল্যবান সামগ্রীর ক্ষতি এবং লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়।

আবেদনে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সকাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। রাতভর চলা সেই কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনকে আসামি করা হয়েছিল। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়।

বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD