রহস্যজনক এক রোগে নাইজেরিয়ায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত পাঁচ সপ্তাহে দেশটির উত্তর-পশ্চিম অঞ্চলের কানো রাজ্যে এসব মানুষজন মারা যান। এ তালিকায় সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এহানিরে।
তিনি বলেন, পাঁচ সপ্তাহের মধ্যে কানো রাজ্যের ৯৭৯ জন মানুষ এক রহস্যজনক রোগে মারা গেছে। মৃতদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাও আছেন। কয়েকজন স্বাস্থ্যকর্মীরও মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, যারা মারা গেছে তাদের অধিকাংশের বয়স ৬৫ বছরের বেশি। এদের মধ্যে ৫০-৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল।
নাইজেরিয়ান সরকার থেকে বলা হচ্ছে, রহস্যজনক এই রোগ করোনাভাইরাসের কারণে সৃষ্ট হয়নি। রোগীদের মধ্যে যেসব লক্ষণ দেখা যাচ্ছে তা মেনিনগিতিস, হাইপারটেনশন, ডায়বেটিস, ম্যালেরিয়ার থেকে সৃষ্ট সমস্যাই মনে হয়েছে।
এদিকে, মহামারি করোনাভাইরাসের সংক্রমণও বেড়ে চলছে নাইজেরিয়াতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা আফ্রিকা মহাদেশের এই অঞ্চল নতুন হটস্পটে পরিণত হতে পারে।
দেশটিতে এখন পর্যন্ত ১২ হাজার ৮০১ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। মারা গেছে ৩৬১ জন।
লাইট নিউজ/আই