বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

পদ্মায় বাসাবাড়ির মালামালসহ ট্রলার ডুবি, নিখোঁজ ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০

বাসাবাড়ির মালামাল নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় ইঞ্জিন চালিত একটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলার থেকে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই নৌরুটে চলাচলরত ফেরির যাত্রীরা। তবে এ সময় ট্রলারের সঙ্গে ডুবে যান শরিফ হোসেন (৩২) নামে এক যুবক।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলার এবং শরিফকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে পাটুরিয়া নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বা এর আশপাশের এলাকায় ট্রলার ডুবির বিষয়ে কিছু জানেন না তিনি। তবে খোঁজ নিয়ে পরে জানাতে পারবেন।

পাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবর রহমান জানান, সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে একটি ট্রলারে বাসাবাড়ির মালামাল বোঝাই করে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হন শরিফ নামে ওই যুবক। ট্রলারটি মাঝ নদীতে পৌঁছালে প্রচণ্ড স্রোত ও বাতাসে সেটি ডুবে যায়।

এ সময় ওই নৌরুটে চলমান একটি ফেরির যাত্রীরা ট্রলার থেকে দুইজনকে জীবিত উদ্ধার করে। তবে ট্রলারের সঙ্গে ডুবে যান শরিফ। শরিফকে উদ্ধার ও ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিখোঁজ শরিফের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ইঞ্জিন চালিত ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও প্রায়ই নদীতে চলাচল করে ওই ট্রলারগুলো। বিশেষ করে নৌরুটে যাত্রীদের অতিরিক্ত চাপ বা লঞ্চ চলাচল বন্ধ থাকলেই ট্রলার চালকদের দৌরাত্ম্য বেড়ে যায়। নদীর পাশেই নৌ-থানা থাকলেও এসব বিষয়ে অজ্ঞাত কারণে তারা চুপ থাকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD