শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :

পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ জানুয়ারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ই জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে আদালত না বসায় তারিখ পিছিয়ে দেয়া হয়।

আজ রোববার (০২ জানুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটে ঢাকার ১০নং বিশেষ জজ আদালতে উপস্থিত হন পরীমণি। এরপর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর মাধ্যমে তিনি হাজিরা প্রদান করেন।

গত ১৪ই ডিসেম্বর ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। ওইদিন পরীমনি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। এজন্য তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আজ (০২ জানুয়ারি) অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

এর আগে, ১৫ই নভেম্বর নায়িকা পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। একইসঙ্গে মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়। মামলার অন্য দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

গত ০৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তার আগে গত ৩১শে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

গত ০৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। পরদিন ৫ই আগস্ট বিকেলে পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমণি ২০১৬ সাল থেকে মাদকসেবন করতেন। এজন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD