সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের পর এবার কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করল উত্তর প্রদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে ঈদুল আজহার নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কুরবানি দেওয়া যাবে না। সেইসঙ্গে রাস্তা বন্ধ করে কোনোভাবেই ঈদের নামাজ পড়া যাবে না। সেইসঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কুরবানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও জানিয়েছেন তিনি।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে উত্তর প্রদেশ সরকার এই সিদ্ধান্ত জানিয়েছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কুরবানি করতে দেওয়া হবে না। পূর্ব-নির্ধারিত স্থানে কুরবানির অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উৎসব ঘিরে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দেন।

তিনি বলেন, নামাজ শুধুমাত্র প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না বলেও স্পষ্ট নির্দেশ দেন তিনি।

এছাড়া বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

এর আগে পশ্চিমবঙ্গের নতুন সরকার পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু কুরবানি ও জবাইয়ের নিয়মে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এসব জটিল বিধিনিষেধের কারণে রাজ্যজুড়ে পশু বেচাকেনায় বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে এবং মুসলিম ও হিন্দু খামারি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD