দুর্দান্ত শুরুটা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। প্রথম তিন ওভারে ৩১ রান তোলা অজিরা আচমকা ব্যাটিং বিপর্যয়ে পড়েন। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ ওভারে তিন উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাহিদ-মোস্তাফিজরা। তাতে পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৪ রান।
এর আগে সিরিজ সমতায় ফেরার মিশনে চট্টগ্রামে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। মিরপুরে শেষ ওয়ানডেতে চোটে পড়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার জায়গায় অধিনায়কের দায়িত্বে আছেন তাওহিদ হৃদয়।
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। দারুণ পারফর্ম করেও বাদ পড়েছেন অফস্পিনার শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। টি-টোয়েন্টিতে অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নামলেন নাহিদ।
ম্যাচের তৃতীয় ওভারে জশ ইংলিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম আহমেদ। রিভিউ নিয়ে নিজের উইকেটটা বাঁচাতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার। পরের ওভারেই কুপার কনোলিকে ফেরান নাহিদ রানা। স্লিপে দাঁড়ানো অবিশ্বাস্য ক্যাচ তালুবন্দী করেছেন। দুই উইকেট হারানোর বিরতিতে মাত্র এক রান করতে পেরেছে অস্ট্রেলিয়া।
পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। শর্ট লেন্থের ডেলিভারিটা ঠিকঠাক সংযোগ করতে পারেননি অজি অধিনায়ক মিচেল মার্শ। এবারও উল্টো ফিরে দারুণ ক্যাচ ধরেন সাইফ হাসান। তাতে ৪৪ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।