দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ছাদে থাকা ১১ যাত্রী আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রায় পাঁচ ঘণ্টা ঘটনাস্থলে ট্রেনটি আটকে থাকে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী (ডাউন) কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বড়পুকুরিয়া রেলগেট এলাকায় কনভেয়ার বেল্টের নিচে একটি বিকট শব্দ শুনতে পান তারা। পরে গিয়ে যাত্রীদের আহাজারি দেখতে পান।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় গেটকিপার ঘুমিয়ে ছিলেন। গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।