মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার শ্রামপুর গ্রাম থেকে ইমরান হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পুলিশ পরিচয়ে প্রাইভেটকার যোগে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়।
অপহৃত ইমরানের বড় ভাই ওমর আলী এ বিষয়ে আজ বুধবার দুপুরে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাত ১২টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি একটি প্রাইভেটকারে তাদের এলাকায় আসে। এ সময় তারা পুলিশ পরিচয় দিয়ে তার ভাই ইমরান হোসেন ও প্রতিবেশী সাইফুলের বিরুদ্ধে অভিযোগ আছে জানিয়ে ওই প্রাইভেটকারে উঠিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ওমর আলীসহ এলাকাবাসীর পক্ষ থেকে মাগুরা সদর থানাসহ সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িতে খবর নিয়ে এ ধরনের গ্রেপ্তার কিংবা আটকের খবর নেই বলে জানতে পারেন। পরে আজ বুধবার দুপুরে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
অপহৃত ইমরানের বড় ভাই ওমর আলী জানান, অপহৃত ইমরান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে গত বছর বাংলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সাইফুল একজন কৃষক। তারা ঘটনার কারণ বুঝতে পারছেন না।
এ ব্যাপরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে অপহৃত ও অপহরণকারীদের সন্ধানসহ ঘটনার তদন্ত চলছে।